বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬,
নিরাপদ সড়ক আন্দোলন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুরে রোড শো ও ৩ চালককে সম্মাননা

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৮, ২০২৬, ০৫:২৫ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুরে রোড শো ও ৩ চালককে সম্মাননা

ছবি: দিনাজপুর টিভি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দিনাজপুরে সচেতনতামূলক রোড শো, আলোচনা সভা ও দক্ষ চালকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে এক রোড শো অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন-১-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং চালকদের পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার তাগিদ দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।

এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।

পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রশিদ ফজলু এবং জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারি।

অন্যান্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এরশাদুরজামান মোল্লা এবং শিক্ষার্থী জাহিদ হাসান আলোচনায় অংশ নেন।

সভা শেষে নিরাপদ ও সতর্কভাবে গাড়ি চালানোর স্বীকৃতি হিসেবে তিনজন চালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিআরটিএ দিনাজপুর সার্কেলের পরিদর্শক মো. শফিকুল ইসলাম, জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।