অক্টোবর ২৮, ২০২৬, ০৬:০৪ পিএম
দিনাজপুর পুলিশ লাইন্সে ভবনে আগুন লাগলে তা প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক এক সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে এই বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালিত হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। তিনি অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মাঠপর্যায়ের সদস্যদের দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং ঘটনার পরপরই দ্রুত কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, পূর্বপ্রস্তুতি ও বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, এ ধরনের ধারাবাহিক মহড়া বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস করে এবং সাধারণ মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সফলভাবে মহড়া সম্পন্ন করায় এবং সার্বিক সহযোগিতার জন্য দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) মো. আনোয়ার হোসেন বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।
এছাড়া দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মহড়ার বিভিন্ন পর্বে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন