অক্টোবর ২৮, ২০২৬, ০৭:৪৫ পিএম
মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তদন্তে বাজারভিত্তিক নজরদারি জোরদারের তাগিদ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা রোধ ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম খতিয়ে দেখতে এ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও যৌথ তদারকি পরিচালনার তাগিদ দেয় কমিটি।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠার চলমান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং জেলা ও উপজেলা পর্যায়ে খামারিদের প্রণোদনা ও সহায়তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সামুদ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়। এটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং আগের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত মেয়াদের মধ্যে সব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা আলোচনায় অংশ নেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন