শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৬, ১২:২৪ পিএম

আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলার এক আসামিকে গ্রেফতারের পর থানায় ফেরার পথে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক এবং এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। এই ঘটনায় কালীগঞ্জ থানার আরেক উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আহিদ মিয়াকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত পৌনে তিনটার দিকে অভিযানে যান এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। মৃত শহিদ মিয়ার ছেলে আহিদ মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে আসামিকে সঙ্গে নিয়ে থানায় ফিরছিলেন পুলিশ সদস্যরা। পথিমধ্যে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি। ওই সময় হঠাৎ ঘোড়াশাল অভিমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সরাসরি চাপা দিয়ে চলে যায়।

সংঘর্ষের পরপরই সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে ভোর চারটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর সংকটাপন্ন এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসকেরা এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর পুলিশ কর্মকর্তা জাবেদ ওমর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এবং চালক রাব্বি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় উপপরিদর্শক মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। আহত অপর এসআই জাবেদ ওমরের চিকিৎসা চলছে। চাপা দিয়ে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।