জুন ২২, ২০২৬, ০৪:০৪ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা তার সম্পত্তি বিক্রি করে আদায় করার নির্দেশ দিয়েছেন বিচারক।সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বাদেডিহি গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ভাড়াটিয়া আবু তাহের। শিশুটি চিৎকার শুরু করলে তাকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরদিনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে ঘাতক আবু তাহেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে গত ২৬ মে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন। এরপর গত ১৬ জুন মামলার অভিযোগ গঠন, ১৭ জুন সাক্ষ্য গ্রহণ এবং ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার এই দিন ধার্য করেন। মোট ১৬ জন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির আদালতে দেওয়া নিজের অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ট্রাইব্যুনাল এই সর্বোচ্চ সাজা প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, মাত্র ১১৬ দিন অর্থাৎ ৩ মাস ২৬ দিনের মধ্যে এই স্পর্শকাতর মামলার রায় ঘোষণার মাধ্যমে স্থানীয় বিচারব্যবস্থায় এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। অন্যদিকে নিহত শিশু তাবাচ্ছুমের বাবা-মা এই রায়ে সন্তোষ প্রকাশ করে দোষী আবু তাহেরের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন