অক্টোবর ১৪, ২০২৬, ১১:২৮ এএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন জমা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আপিল দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। বিচারিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা তিনটি আলাদা অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করেছিলেন। রায়ে আদালত উল্লেখ করেন, তিনটি সাজা একসঙ্গে চলবে। ফলে তাকে কার্যকরভাবে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের প্রেক্ষাপটে কমান্ড রেসপন্সিবিলিটি বা নির্দেশক হিসেবে ভূমিকা রাখা এবং কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার অপর একটি মামলার বিচারকাজও চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন