বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৬, ১২:৪১ পিএম

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব স্তরের মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ও তাদের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাপ্রধানদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও তদারকি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও দিকনির্দেশনার আলোকে জানানো হয়, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটানো এবং জাতীয় একতা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করাই এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই কর্মসূচি সফল করতে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতার ভিত্তিতে স্তরভিত্তিক বিষয় ও নির্দিষ্ট বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে।