বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত নীলফামারীর ফরহাদ হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৬, ১২:২০ পিএম

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত নীলফামারীর ফরহাদ হোসেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা তুলে দেওয়া হয়।

পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে অপরাধ দমন, ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, মাদকদ্রব্য উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে আনুষ্ঠানিক ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্জন জেলা পুলিশের সার্বিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার তৎপরতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই স্বীকৃতি পুরো জেলা পুলিশের জন্য অত্যন্ত গর্বের।