অক্টোবর ১১, ২০২৬, ১২:০২ এএম
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ২ নম্বর সদস্য আমিনুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে সরাসরি আদালতে হাজির করলে শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন এবং রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল। এছাড়া ঘটনাস্থল থেকে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের বিবরণও এজাহারে উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে ঘটনার সঙ্গে আমিনুর রহমানের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সদর থানা পুলিশের একটি দল লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অভিযান চালিয়ে চেয়ারম্যান আমিনুর রহমানকে গ্রেপ্তার করে।
আসামিপক্ষের আইনজীবী মোরসালিন ইসলাম জানান, আদালতে তারা আমিনুর রহমানের জামিনের আবেদন করেছিলেন। তবে আইনি প্রক্রিয়ায় কিছু কারিগরি ত্রুটি থাকায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততা মেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন