অক্টোবর ১০, ২০২৬, ১০:১২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর পূর্তি উপলক্ষে আঞ্চলিক হিফজুল কুরআন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বীরগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে কাহারোল রোডস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বীরগঞ্জ থানা শাখা এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে।
সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয় এবং বাদ আসর আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর বিভাগ জোন-২ এর সভাপতি এবং দারুল উলুম ফয়জিয়া মুহিউস সুন্নাহ মাদ্রাসা (গাঞ্জুর)-এর মুহতামিম আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী হাফেজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রতিযোগিতাটি মোট চারটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ধারাবাহিক ৫ পারা, ধারাবাহিক ১০ পারা, ধারাবাহিক ২০ পারা এবং পূর্ণ ৩০ পারা হিফজ ক্যাটাগরি। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি গ্রুপে প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারীদের আকর্ষণীয় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ৫ পারা ও ১০ পারা গ্রুপে ২০তম স্থান পর্যন্ত এবং ২০ পারা ও ৩০ পারা গ্রুপে ১০ম স্থান পর্যন্ত বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০ টাকা এবং ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ অক্টোবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. মাহমুদ আলম, বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু এবং দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুস সালাম সরকার। ওলামায়ে কেরামদের মধ্য থেকে বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আবুল কাশেম এবং সংগঠনের আঞ্চলিক নেতৃবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন