শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

কাহারোলে মহালয়া উপলক্ষে পিতৃ-মাতৃ পূজা ও ধর্মসভা অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১০, ২০২৬, ০২:৪২ পিএম

কাহারোলে মহালয়া উপলক্ষে পিতৃ-মাতৃ পূজা ও ধর্মসভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলায় শুভ মহালয়া উপলক্ষে পঞ্চমবারের মতো সমবেত শ্রীশ্রী পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভবানীপুর গ্রামে ভবানীপুর মানব সেবা সংগঠন ও স্থানীয় গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। দিনভর ভক্তিগীতি ও ধর্মীয় আলোচনায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা (বাদশা), ২ নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তালেব এবং কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি। ধর্মীয় এই সমাবেশে সভাপতিত্ব করেন অরুন চন্দ্র দাশ এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মিঠুন সরকার।

আয়োজকেরা জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ চর্চা, মা-বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। পিতৃ-মাতৃ পূজা, বিশেষ ধর্মীয় আলোচনা ও ঐতিহ্যবাহী বাউল কীর্তনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্য ও এলাকার সর্বস্তরের গ্রামবাসী অংশ নেন।