নভেম্বর ২, ২০২৬, ১২:০৯ পিএম
দিনাজপুরের কাহারোল ও বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সিডিডির সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ম্যাপইন সিবিআর’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রশাসনের যৌথ অংশীদারিত্বে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীপশিখা প্রকল্পের প্রতিবন্ধী তরুণ-তরুণী ও কর্মী ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান নিশ্চিতকরণ এবং জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের সরাসরি অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
কর্মসূচির সূচনায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথিরা যুব সমাজের উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রযাত্রায় তাদের ভূমিকার নানা দিক বিশ্লেষণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দীপশিখা পরিচালিত ম্যাপইন সিবিআর প্রকল্পের প্রতিবন্ধী যুব জুলফিকার। তিনি প্রতিবন্ধী তরুণদের কার্যকর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সমান সুযোগ তৈরি এবং সমাজের সর্বস্তরে তাদের পূর্ণ অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
জুলফিকার বলেন, উপযুক্ত সুযোগ, সহযোগিতা এবং সহায়ক কাজের পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী তরুণরাও তাদের নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। একই সঙ্গে তিনি যেকোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী যুবদের সরাসরি সম্পৃক্ত করা এবং তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করার জোরালো দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন