অক্টোবর ২৭, ২০২৬, ১২:১৭ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন নিশ্চিত করতে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা রহমান আরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল আলম একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও একজন শারীরিক প্রতিবন্ধী যুবকের সফলতার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ে পরিচালিত বিভিন্ন কমিউনিটি গ্রুপের কার্যক্রমে প্রতিবন্ধী তরুণদের যুক্ত করে তাদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করতে একটি বৃহৎ প্রকল্প নিয়ে কাজ শুরু হবে। এই প্রকল্পের আওতায় ২২ ধরনের অনাবাসিক প্রশিক্ষণ প্রদানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রহমান সুমন, মাঠ পরিদর্শক এবং বিআরডিবির কমিউনিটি গ্রুপের নেতৃবৃন্দ।
এছাড়া দীপশিখার সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা ওয়াসিম আলী, ফ্যাসিলিটেটর মীরা রায়, ইন্টার্ন মুক্তি রায়সহ স্থানীয় ইয়ুথ ক্লাবের সদস্য, ইমপ্যাক্ট গ্রুপের প্রতিনিধি এবং প্রতিবন্ধী যুবদের অভিভাবক ও কেয়ারগিভাররা এতে অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব রায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন