অক্টোবর ২৮, ২০২৬, ১২:৫১ পিএম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সংক্রান্ত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর হালনাগাদ তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৩১ অক্টোবরের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে না।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত তারিখের পূর্বে সম্পন্ন করা কোনো মেডিকেল সনদ ইমিগ্রেশন ছাড়পত্রের জন্য বিবেচনা করা হবে না। একই সঙ্গে কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে। সরকারি নির্দেশনা প্রতিপালন ও কারিগরি সক্ষমতা যাচাইয়ের ভিত্তিতে কিছু মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে পারে কিংবা নতুন প্রতিষ্ঠান যুক্ত হতে পারে।
সরকারি নির্দেশনা ও সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না।
মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগী দালাল অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের প্রলোভনে সাড়া না দেওয়া এবং নিশ্চিত অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা এজেন্সির কাছে পাসপোর্ট বা অর্থ জমা না দেওয়ার জন্য কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিসা উইথ রেফারেন্স বা ভিডিআর সংক্রান্ত ভিসার নথিপত্র জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে অনিয়মে জড়িত মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর লাইসেন্স স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন সরাসরি বাতিল করা হতে পারে।
অবৈধ বা অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা কিংবা এ ধরনের প্রতারণামূলক তৎপরতার সুনির্দিষ্ট তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে একটি অফিশিয়াল ইমেইল ঠিকানা ([email protected]) উন্মুক্ত করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এই বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন