অক্টোবর ২৮, ২০২৬, ০৯:৪২ এএম
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওতে বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বৃহৎ অবকাঠামো খাতে জাপানি অর্থায়ন ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশ এবং শিল্পায়নে ধারাবাহিক ঋণ ও সহযোগিতার জন্য জেবিআইসির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সংস্থাটির প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারপ্রধান বলেন, বর্তমান সরকার দেশে একটি ব্যবসাবান্ধব টেকসই পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন বাণিজ্যিক বিধিবিধান সংস্কার এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের ব্যাপক উদ্যোগ নিয়েছে। নীতিগত সংস্কার এনে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান প্রশাসন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগ পরিকল্পনাগুলো বাংলাদেশ সরকারের জাতীয় উন্নয়ন রূপরেখার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
আলোচনার একপর্যায়ে বাংলাদেশে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ও কার্যক্রম বাড়াতে ঢাকায় জেবিআইসির একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জাপানি ব্যাংকের গভর্নর আমাকাওয়া কাজুহিকো এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আলোচনায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন