অক্টোবর ২৭, ২০২৬, ১০:২৪ পিএম
আইনশৃঙ্খলা রক্ষার নামে কথিত ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য সরাসরি নাকচ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের নীতি সম্পূর্ণ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)।
পুলিশপ্রধান অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি মূলত একজন সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি অসতর্কতাবশত কথাটি বলে ফেলেছেন। তবে এমন মন্তব্য করা কোনোভাবেই ঠিক হয়নি এবং এটি করা তাঁর একেবারেই উচিত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, বর্তমান সরকার কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতে দেবে না এবং এ বিষয়ে প্রশাসন অত্যন্ত অনমনীয়। তিনি স্পষ্ট করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশ হেফাজতে কারও মৃত্যু (কাস্টডিয়াল ডেথ) সরকার কোনোভাবেই বরদাশত করবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত কোনো ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি দাবি করে তিনি জানান, অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের মধ্যে থেকে যা যা করণীয়, সরকার তার সবই বাস্তবায়ন করবে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেছিলেন, সরকার আনুষ্ঠানিক অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, পুলিশ আইনগত বলপ্রয়োগ করলে এক পক্ষ তাদের ফ্যাসিস্ট আখ্যা দেয়, আবার নিষ্ক্রিয় থাকলে অন্য পক্ষ দুর্বল বলে কটাক্ষ করে। তাই দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে অনুকূল পরিবেশ দেওয়ার দাবি জানান তিনি।
আইজিপির এই বক্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ক্রসফায়ার নিয়ে পুলিশপ্রধানের বক্তব্য বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন করা বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাঁদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।
পুলিশপ্রধানের ওই বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
ব্যাপক সমালোচনার মুখে সোমবার রাতেই আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর। তাদের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আইনের বাইরের কোনো শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। মূলত দুর্ধর্ষ অপরাধীদের বিরুদ্ধে মাঠপর্যায়ে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার রূপক অর্থে কথাটি বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন