অক্টোবর ২৭, ২০২৬, ০৮:৫৩ পিএম
জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার পুরোদমে কাজ করছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরকারের এই কৌশলগত অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমের সামগ্রিক বিবরণ তুলে ধরেন।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ছাদভিত্তিক প্রকল্পকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
তথ্য উপদেষ্টা জানান, নির্ধারিত এই লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনে গৃহস্থালি ও শিল্প কারখানার ছাদে ব্যাপকভাবে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ খাতের বিনিয়োগ ও প্রযুক্তি প্রসারে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা সামাল দিতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি সম্প্রতি আলজেরিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির টেকসই উৎস নিশ্চিত করেছে। তবে যেকোনো সংকট উত্তরণে বিকল্প নবায়নযোগ্য শক্তির দ্রুত বিস্তার ঘটানোই বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে সরকারের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে উপদেষ্টা বলেন, দেশব্যাপী অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েক সপ্তাহের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তরুণ প্রজন্মকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্য খাতের সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি নাগরিকের জন্য একটি নিরাপদ ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ এবং সর্বজনীন হেলথ কার্ড চালুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, রাস্তার পাশের খাবার দোকানসহ মোট ১৬ শ্রেণির খাদ্য ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সরকারি নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ফুটপাতে উন্মুক্ত অবস্থায় পিঠা, পুরি ও পেঁয়াজু বিক্রির ক্ষেত্রে নানা ক্ষতিকর জীবাণু ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ায় এসব ক্ষেত্রে কঠোর তদারকি নিশ্চিত করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ জানান, কর্মজীবী মায়েদের পেশাগত সুবিধার্থে সরকারি দপ্তরে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দারিদ্র্য বিমোচনে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে পুষ্টিচাল বিতরণ প্রক্রিয়া কার্যকর রাখা হয়েছে।
সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি তুলে ধরে তিনি জানান, সরকারি অনুদান বৃদ্ধি, ছুটির মেয়াদ বৃদ্ধি ও প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে অত্যন্ত আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসবটি উদযাপিত হয়েছে, যা বর্তমান সরকারের প্রশাসনিক পদক্ষেপের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন