মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৬, ০৯:১৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই ছিল মূল আলোচ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত অংশীদার। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে আগামী দিনগুলোতে দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, সদস্যদের উন্নত প্রশিক্ষণ এবং বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের ধারাবাহিক প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. লিউ ইউইন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।