মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
ঠাকুরগাঁও উপনির্বাচন প্রস্তুতি

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ১৮৫ কেন্দ্রে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

তানভীর হাসান তানু

অক্টোবর ২৭, ২০২৬, ১০:৪২ পিএম

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ১৮৫ কেন্দ্রে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: দিনাজপুর টিভি

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচনী সব আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

প্রচারণা সমাপ্তির পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ কর্মীদের সঙ্গে ব্যক্তিগত বাসভবনে বসে শেষ মুহূর্তের সমন্বয় ও কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন সম্পন্ন করছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি ছেড়ে দেওয়ার কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মর্যাদাপূর্ণ এই নির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের মনোনীত পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। তিনি উল্লেখ করেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সকল স্তরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপ কঠোর হস্তে দমনে মাঠে নামানো হয়েছে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রবেশমুখে নিরাপত্তামূলক তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং ও প্রস্তুতিমূলক সভা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, বুধবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন স্তরের মোট পাঁচ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৩ জন।