অক্টোবর ২৭, ২০২৬, ১১:৪৩ এএম
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আটটা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যায়। আগামী ২৯ অক্টোবর সকাল থেকে একটানা ভোটগ্রহণের মাধ্যমে এই আসনের নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন সাধারণ ভোটাররা। নির্বাচনী ময়দানের প্রচারের উত্তাপ থেমে এখন এলাকা জুড়ে কাজ করছে ভোটের অপেক্ষা।
নির্বাচন কমিশন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে। ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ চলছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং নিরাপত্তায় নিয়োজিত থাকছেন পাঁচ হাজার ৩০০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এই উপনির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসনিক সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য মাঠ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে আসবেন বলে আশা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন