মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
আইন-শৃঙ্খলা অভিযান

ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪৩

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৬, ১২:০৫ পিএম

ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪৩

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১টি অ্যান্টি কাটার, ১টি অবিস্ফোরিত ককটেল এবং ১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ১ হাজার ১২১ পিস ইয়াবা ও ২৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এর বাইরে ১টি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন এবং ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

অভিযানকালে একজন ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।