অক্টোবর ২৭, ২০২৬, ১১:৩১ এএম
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি বসতবাড়িতে গভীর নলকূপের পাইপ বসানোর সময় হঠাৎ ভূগর্ভস্থ গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূগর্ভ থেকে তীব্র চাপে গ্যাস বের হওয়ায় মুহূর্তেই শিখা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের কাজ চলছিল। মঙ্গলবার ভোরে পাইপ বসানোর একপর্যায়ে মাটির নিচ থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে এবং সেখানে দ্রুত আগুন ধরে যায়। নিমিষেই আগুনের লেলিহান শিখা ও গ্যাসের বুদবুদ ওপরের দিকে উঠতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর চারপাশ থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করে মাইকিং ও বাঁশি বাজিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে দায়িত্বরতদের।
হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি প্রাকৃতিক কোনো গ্যাসক্ষেত্রের উপস্থিতি কি না, নাকি এর পেছনে ভূগর্ভস্থ অন্য কোনো কারণ রয়েছে—তা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মাটির নিচ থেকে অনবরত গ্যাস বের হতে থাকায় পানি ছিটানোর পরেও মাঝেমধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রিমন ঘোষ জানান, নলকূপ খননের সময় গ্যাস থেকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ চলছে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে নির্দিষ্ট দূরত্বে রাখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন