সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
রেলওয়ের নতুন উদ্যোগ

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৯:৪৬ এএম

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। রাজধানী থেকে পর্যটননগরী কক্সবাজারের পথে ভ্রমণ আরও সহজ ও স্বস্তিদায়ক করতে নতুন এই ট্রেন সার্ভিস যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আগে ট্রেনটি কেবল ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে যাতায়াত করত। এবার যাত্রাপথ বাড়িয়ে তা সরাসরি কক্সবাজারের আইকনিক স্টেশন পর্যন্ত নেওয়া হলো। এর ফলে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর বাসিন্দারা কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি সমুদ্র শহরে পৌঁছানোর সুবিধা পাবেন। তবে এই বর্ধিত নতুন রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির পূর্বনির্ধারিত যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

রাজধানী থেকে এখন সৈকত শহরে সরাসরি পৌঁছানোর নতুন পথ খুলল।

বর্তমানে কক্সবাজার ও ঢাকার মধ্যে ‍‍`কক্সবাজার এক্সপ্রেস‍‍` এবং ‍‍`পর্যটন এক্সপ্রেস‍‍` নামের দুটি বিরতিহীন ট্রেন নিয়মিত চলাচল করছে। ওই ট্রেন দুটি কেবল চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে থামে। অন্যদিকে নতুন যুক্ত হওয়া মহানগর এক্সপ্রেস পুরো রুটে অন্তত ১৪টি স্টেশনে যাত্রাবিরতি দেবে।

নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি রাত দুইটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে এবং সেখানে যাত্রাবিরতি শেষে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে গিয়ে পৌঁছাবে।

কক্সবাজার থেকে ফিরতি যাত্রা শুরু হবে প্রতিদিন সকাল নয়টায়। ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে যাত্রাবিরতি দেবে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। তবে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি রোববার এই ট্রেনের সাপ্তাহিক চলাচল বন্ধ থাকবে।

নতুন এই সার্ভিসে মোট ১৬টি কোচ যুক্ত থাকছে। যাত্রীদের বাড়তি চাপের কথা বিবেচনা করে আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬টিতে উন্নীত করেছে রেলওয়ে।

ভাড়ার তালিকাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার রুটে সর্বনিম্ন শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা এবং এসি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে এক হাজার ৫৭০ টাকা। এছাড়া মধ্যবর্তী কক্সবাজার থেকে চট্টগ্রাম অংশের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৪৭ টাকা।

যাত্রীদের সুবিধার জন্য টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে ডিজিটাল ও সনাতন দুই পদ্ধতিতেই। রেলওয়ের নির্ধারিত মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকা থেকে প্রথম দিনের যাত্রার টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে এবং কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য আগামী ২৭ অক্টোবরের যাত্রার আগাম টিকিট সংগ্রহের ব্যবস্থা উন্মুক্ত রয়েছে।

সরাসরি এই রেল যোগাযোগ চালুর ফলে কুমিল্লা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হবে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন ব্যবসা, হোটেল ও রেস্তোরাঁ খাতে নতুন বাণিজ্যিক গতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার রেলস্টেশনের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, প্রতিদিন মহানগর এক্সপ্রেসের দুটি ট্রেন কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করবে। একই সাথে আগের মতোই কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এই রুটে নিয়মিতভাবে যাত্রী পরিবহন করবে।