মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,

নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৬, ১১:৫৭ এএম

নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটির হিসাব চূড়ান্ত হয়েছে।

সরকারি ছুটির তথ্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হবে।

এর ঠিক আগে ৬ নভেম্বর শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কথা রয়েছে।

অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ছুটির আওতায় পড়বেন। একই সাথে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই তিন দিন পাঠদান বন্ধ থাকার কথা রয়েছে।

তবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছুটি একইভাবে কার্যকর নাও হতে পারে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে আলাদা কোনো ছুটির স্পষ্ট নির্দেশনা নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে এই টানা তিন দিনের ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।