মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৬, ১২:৫২ পিএম

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে প্রথমে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কিছুক্ষণ পর তারা মিছিল সহকারে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন। ওই সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিবেশ শান্ত রাখতে ওই সড়কে অবস্থিত বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পরে আন্দোলনরত শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পয়েন্টে এসে অবস্থান নেন। তারা সড়কে ব্যারিকেড দিলে উভয় লেনে দূরপাল্লার বাসসহ সাধারণ যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।