অক্টোবর ২৬, ২০২৬, ০৮:২০ পিএম
শিল্পনগরী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একাধিক ঝুটের গোডাউনে নতুন করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আকস্মিকভাবে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। শুকনো ঝুট ও বাতাসের কারণে আগুন দ্রুত পার্শ্ববর্তী আরও কয়েকটি গোডাউনে বিস্তৃত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের মাত্রা তীব্র আকার ধারণ করলে পার্শ্ববর্তী সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গাজীপুরে সাম্প্রতিক সময়ে একের পর এক শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
এর মাত্র দুই দিন আগে গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কার্টনের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার টানা চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
এরও এক সপ্তাহ আগে ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে কালিয়াকৈর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে, যেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
একইভাবে গত ১৪ অক্টোবর টঙ্গী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের আগুন লেগেছিল। সেদিন ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন