শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, প্রশাসনিক দপ্তর, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে শিক্ষা প্রশাসন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শনের পর এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা মহানগরীর রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর সরকারি বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এরই ধারাবাহিকতায় রাজধানীসহ সারা দেশের স্কুল ও কলেজগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির জারি করা নির্দেশনায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে বা সীমানার আশপাশে কোথাও বৃষ্টির বা ব্যবহারের পানি জমে আছে কি না, তা দৈনন্দিন ভিত্তিতে তদারকি করতে হবে। জমে থাকা পানি তাৎক্ষণিক অপসারণ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো পুরোপুরি ধ্বংস করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের সার্বিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এই অফিস আদেশটি দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।