অক্টোবর ২৩, ২০২৬, ০৯:০২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নুর আলম (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে নুর আলম সহপাঠী ও অন্য শিশুদের সঙ্গে পদ্মায় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে যেতে শুরু করে। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে হাত ধরে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু স্রোতের তীব্রতার কাছে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যেই শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়।
সঙ্গীদের আর্তচিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে নদীতে তল্লাশি শুরু করেন। তাৎক্ষণিকভাবে কোনো সন্ধান না পেয়ে তারা স্থানীয় ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো সন্ধান মেলেনি।
এদিকে দীর্ঘ সময় ধরে শিশুটির সন্ধান না পেয়ে নদীপাড়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
দৌলতদিয়া নৌপুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নদীতে তীব্র স্রোত থাকা সত্ত্বেও শিশুটিকে উদ্ধারে সমন্বিত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন