বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শিক্ষাপ্রতিষ্ঠানে নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটি মিলতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ১১:৩১ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটি মিলতে পারে

টানা ৩ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। নভেম্বর মাসের শুরুতেই সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটি যুক্ত হয়ে এই অবকাশের ক্ষেত্র তৈরি হয়েছে। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরকারি সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটি।

পরদিন ৭ নভেম্বর শনিবার উদযাপিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর ঠিক পরদিন ৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে শ্যামাপূজা। শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এই ধারাবাহিকতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একই ছুটির সুযোগ সৃষ্টি হচ্ছে।

তবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটির চিত্রে কিছুটা ভিন্নতা রয়েছে।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি তাদের নিজস্ব পঞ্জিকা ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে পৃথক কোনো ছুটির উল্লেখ দেখা যায়নি।

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি অন্তর্ভুক্ত না থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীর আরাধনা করে থাকেন, যা শ্যামাপূজা বা কালীপূজা নামে পরিচিত। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওড়িশা এবং বিহারসহ বিভিন্ন অঞ্চলে এই উৎসব উদযাপিত হয়। শ্যামাপূজার দিনে সনাতন ধর্মাবলম্বীরা একই সাথে দীপাবলি উৎসব উদযাপন করে থাকেন। ভারতের কিছু অঞ্চলে এ সময় লক্ষ্মীপূজা করা হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়া সমাজে কালীপূজাই মূল আনুষ্ঠানিকতা হিসেবে গুরুত্ব পায়।