অক্টোবর ২১, ২০২৬, ১১:৪৬ পিএম
আওয়ামী লীগকে আর কখনও রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি দলটিকে একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের সচেতন জনগণ তাদের আর কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেবে না।
বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্পিকার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কেবল রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যেই ক্ষমতায় জেঁকে বসেছিল।
দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল বিত্তবৈভব গড়ে তোলার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিগত সরকারের এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও নবনির্বাচিত আইপিইউ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিগত শাসনামলে নিজ নির্বাচনী এলাকার নানা অনিয়ম ও নিপীড়নের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ।
সেই নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পর দলীয় সিদ্ধান্তে পরবর্তীতে ঢাকা থেকে এক চিহ্নিত ব্যক্তিকে এনে নির্বাচনী লড়াইয়ে নামিয়েছিলেন শেখ হাসিনা।
তিনি দাবি করেন, ওই ব্যক্তি দুর্নীতির আশ্রয়ে লালমোহনে ৫০০ বিঘা জমি এবং রাজধানী ঢাকায় একাধিক আলিশান বাড়ি গড়ে তুলেছিলেন। কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিপুল সম্পদ ফেলে রেখেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি।
এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্পিকার ঘোষণা দেন, তজুমদ্দিন উপজেলা সদরকে শিগগিরই পৌরসভায় উন্নীত করা হবে। একই সাথে সাধারণ মানুষের বিনোদনের জন্য মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একটি আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে অপরাধী ও সন্ত্রাসীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে সকালে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন