অক্টোবর ২১, ২০২৬, ১১:১১ পিএম
মক্কায় আকস্মিক বন্যায় তীব্র পানির স্রোতে ভেসে গেছে তিন শিশু। সৌদি আরবের পবিত্র এই নগরীতে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট পানির তোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এখনো সন্ধান মেলেনি নিখোঁজ থাকা তৃতীয় শিশুটির।
মঙ্গলবার আকস্মিক বন্যার তোড়ে তিন শিশু ভেসে যাওয়ার খবর পাওয়ার পরপরই সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা অত্যন্ত দ্রুততার সাথে তৎপরতা শুরু করেন।
উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে কিছুক্ষণের ব্যবধানে তল্লাশি চালিয়ে দ্বিতীয় শিশুটির নিথর দেহ খুঁজে পান তারা। নিখোঁজ থাকা তৃতীয় শিশুটির সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পানির প্রবল স্রোতের কারণে তার সুনির্দিষ্ট অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি সিভিল ডিফেন্স।
বিবৃতির মাধ্যমে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জোর তাগিদ দিয়েছে সংস্থাটি।
বিশেষ করে যেসব অঞ্চল আকস্মিক বন্যাপ্রবণ, সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়, দেশের নাগরিক, সেখানে বসবাসকারী সাধারণ বাসিন্দা এবং আগত পর্যটকদের বিভিন্ন উপত্যকা, পানির প্রবল স্রোত প্রবাহিত হওয়ার পথ ও নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে।
ভারী বৃষ্টির কারণে এসব নিচু ও ঝুঁকিপূর্ণ স্থানে অল্প সময়ের ব্যবধানে দ্রুত পানি জমে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন