বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
প্রশাসনিক জরুরি নির্দেশনা

পর্যটকদের দ্রুত সাজেক ভ্যালি এলাকা ছাড়ার কড়া নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ১০:১৬ পিএম

পর্যটকদের দ্রুত সাজেক ভ্যালি এলাকা ছাড়ার কড়া নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে বর্তমানে অবস্থানরত সকল পর্যটককে বৃহস্পতিবার বিকেলের মধ্যে এলাকা ত্যাগ করার জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে এ সংক্রান্ত জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রটিতে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। শারদীয় দুর্গাপূজার কারণে পর্যটকদের সুবিধার্থে পাঁচ দিনের জন্য সেই অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়।

তবে সংগঠন দুটির উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় বৃহস্পতিবার থেকে পুনরায় সাজেক সড়কে অবরোধের ডাক দেয় তারা।

নতুন করে ডাকা এই অবরোধ কর্মসূচির কারণে এলাকায় অচলাবস্থা ও পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত এই পরিস্থিতির মুখে কোনো ঝুঁকি না নিয়ে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সাজেক ভ্যালি সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে পর্যটকদের নিরাপত্তায় দ্রুততম সময়ের মধ্যে তাদের এলাকা ছাড়ার নির্দেশ বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসন।