অক্টোবর ২১, ২০২৬, ০৯:৫৩ পিএম
পুলিশ সদরদপ্তরের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি অবৈধ ডিজে পার্টির আয়োজন করা হতো। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালিত বাড়িটি পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং তিনি এটি ভাড়া দিয়ে রেখেছিলেন।
গোয়েন্দা কর্মকর্তা ইলিয়াস কবির জানান, ২০২৫ সাল থেকে ওই ভবনে এসব অবৈধ আয়োজন নিয়মিত চলছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দল সেখানে অভিযান পরিচালনা করে। ভবনে প্রবেশের পর কর্মকর্তারা দেখতে পান সেখানে পূর্ণাঙ্গ ডিজে পার্টির আসর বসানো হয়েছে। ভবনের বাইরে ও আশপাশে প্রায় ২২টি ব্যক্তিগত গাড়ি রাখা ছিল। ভেতরে প্রচণ্ড শব্দে বাজছিল গান। সিসা সেবনের কারণে পুরো কক্ষ ও পরিবেশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্টি বন্ধ করে অংশগ্রহণকারীরা বিভিন্ন কক্ষে সরে যাওয়ার চেষ্টা করেন।
পাঁচ কক্ষবিশিষ্ট ওই ভবনটিতে সে সময় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। উপস্থিতদের মধ্যে বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এবং ব্যাংকারও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে ওই বাড়ি থেকে তিনটি মদের বোতল, ইয়াবা, কুশ নামের বিশেষ মাদকদ্রব্য এবং যৌনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আয়োজনের কর্মপদ্ধতি সম্পর্কে পুলিশ জানায়, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বুকিং নিশ্চিত করা হতো। অংশগ্রহণকারীরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পার্টিগুলোতে প্রবেশ করতেন। একটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা করে নেওয়া হতো।
বাড়ি ভাড়া বাবদ নিয়মিত বড় অঙ্কের অর্থ লেনদেনের প্রমাণও পেয়েছে তদন্ত দল।
ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। ছেলেদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও ১৫ দিনের কারাভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে আটক মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত তিন দিন কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন