রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
সংসদীয় কূটনীতি

তাঞ্জানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকারের অংশগ্রহণ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৫:২৫ পিএম

তাঞ্জানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকারের অংশগ্রহণ

তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে এই প্রতিনিধিদলে রয়েছেন আরও ৯ জন সংসদ সদস্য। তারা হলেন— জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম। আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‍‍`অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন‍‍`। স্পিকার এই সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল তাদের নতুন সভাপতি নির্বাচন করবে।

সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরে আসবেন।