রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
বিদেশি বিনিয়োগ

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন তিনি। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আহ্বান জানানো হয়।

এদিন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের অনুরোধ জানান।

এ সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এর পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রী ও ওষুধসহ অন্যান্য পণ্য রপ্তানির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ওয়াহিউ রিয়াদি, ইকোনমিক অ্যাফেয়ার্স বিষয়ক থার্ড সেক্রেটারি রবি ফিরলি হারখা এবং অফিসার সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ।