নভেম্বর ২২, ২০২৬, ০৮:০১ পিএম
চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন। রোববার বিকেলে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে পরিচ্ছন্নতা, প্রকৌশল, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা।
ফুটপাতের বিষয়ে কোনো আপস করা যাবে না।
সমন্বয় সভায় প্রশাসক বলেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পান, সে জন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
ফুটপাত দখলমুক্ত রাখার প্রসঙ্গে তিনি বলেন, একদিন অভিযান চালিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। কয়েক দিন পর আবার সেখানে দোকান বসছে কি না, সেটিও তদারকি করতে হবে। প্রয়োজনে সপ্তাহে একাধিকবার অভিযান পরিচালনা করতে হবে। প্রতিটি অঞ্চলে নিয়মিত তদারকি থাকলে পুনর্দখলের প্রবণতা কমবে।
নিউমার্কেট, জামালখান ও দেওয়ানবাজারসহ অন্যান্য ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন ডা. শাহাদাত হোসেন। দেওয়ানবাজার এলাকায় মাছ বিক্রেতারা যাতে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা পরিচালনা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের বিষয়ে প্রশাসক বলেন, শিল্পকারখানাগুলো নগরীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এসব প্রতিষ্ঠানের উৎপাদিত বর্জ্য অপসারণ, সড়ক ও নালা রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনকেও ব্যয় করতে হয়। তাই প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য কর ও সেবামাশুল পরিশোধ করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, প্রয়োজনে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন