নভেম্বর ২২, ২০২৬, ০৭:৫০ পিএম
বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। শুনানির জন্য আবেদনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, সেটির ওপর সোমবার আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান এবং শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।
বৃহস্পতিবার চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।
চেম্বার আদালতের আদেশের বিষয়ে আইনজীবী কামরুন নাহার মাহমুদ দিপা ও ব্যারিস্টার আবদুল কাইয়ূম লিটন জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন এবং আগামী ২৩ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
ওই আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।
হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং চতুর্থ বিষয় বাদে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় না করার অভিযোগে গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ রিটটি দায়ের করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, যাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এই সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
অথচ এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে, যার ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
রিটে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়নি।
এ অবস্থায় সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সমান সুযোগ পান, সে জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
তথ্যসূত্র: জাগো নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন