নভেম্বর ২২, ২০২৬, ১১:৪৫ এএম
মস্কোতে আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক ও শিক্ষক ড. মো. আবদুল কাবিল খান। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত অনেস্ট ভিউ আয়োজনে নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ গোল্ডেন ডেজের জন্য পেশাদার সাংবাদিকতা বিভাগে এ স্বীকৃতি পান তিনি।
ড. আবদুল কাবিল খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
আয়োজকদের বরাতে জানা গেছে, ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি কাজ এ প্রতিযোগিতায় জমা পড়েছিল। সেসব কাজের মধ্য থেকে বেছে নেওয়া হয় তাঁর প্রামাণ্যচিত্র সিরিজটি। গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাশিয়ার সরকারি সংস্থা রোসসোত্রুদনিচেস্তভো ২০২২ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য, আর ছয়টি বিভাগে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়।
ড. আবদুল কাবিল খানের গোল্ডেন ডেজ প্রামাণ্যচিত্র সিরিজে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বসবাসরত সাবেক সোভিয়েত ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে ড. আবদুল কাবিল খান বলেন, ২০১১ সালে রাশিয়ার রুশিয়ান ইউনিভার্সিটি অব পিপলস ফ্রেন্ডশিপ বা আরইউডিএন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সময় তিনি এ প্রামাণ্যচিত্র সিরিজের উদ্যোগ নেন। বিশ্ববিদ্যালয়টির সাবেক সোভিয়েত ও রাশিয়ান শিক্ষার্থীদের জীবনের গল্প তুলে ধরাই ছিল এর লক্ষ্য।
তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করেছেন তাঁরা। এসব দেশে সাবেক শিক্ষার্থীদের বাড়ি ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আর প্রকল্পটি আরইউডিএন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা ও সহযোগিতা পেয়েছে।
ড. কাবিল খান বলেন, অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন তাঁদের কাজকে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে এটি আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্কাইভ হিসেবে কাজ করবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য পাঁচ দিনের বিশেষ সফরের আয়োজন করা হয়। ওই সফরে তাঁদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান তাঁরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন