নভেম্বর ২২, ২০২৬, ০৪:৫১ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার থেকে আনুমানিক পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রত্যাবাসন করা ২৯ বছর বয়সী খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ ২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।
বিজিবি, বিএসএফ, ফুলবাড়ী ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন উপস্থিত ছিলেন। হস্তান্তরের সময় খায়রুদ্দিনের পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না; নেপাল দূতাবাসের ওই কর্মকর্তা নিজেই পরিবারের সদস্যদের কাছে তাঁকে পৌঁছে দেবেন বলে জানানো হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন নাগরিক এবং পাঁচ বছর আগে কোন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তা বলতে পারেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, পাঁচ বছর ধরে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাঁকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন; পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বাংলাদেশে অবস্থানের বিস্তারিত তথ্য প্রচার হলে তাঁর পরিচয় শনাক্ত হয়। এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পাশ দেয় এবং অন্যান্য আইনি পদক্ষেপের পর তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে ওই নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বিজিবি সদস্যরা প্রত্যাবাসন কাজে সহযোগিতা করেছেন। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে ট্রাভেল পাশ দেওয়ার পর রোববার তিনি দেশে ফেরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন