নভেম্বর ২২, ২০২৬, ১২:৪৭ পিএম
খুলনায় রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকালে স্টেশনের দেয়ালের ওই দেয়ালচিত্রে কালির দাগ দেখা যায়।
স্থানীয় সূত্র ও সরেজমিন পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রাত পর্যন্ত গ্রাফিতিতে কোনো কালি লেপানো দেখা যায়নি। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে গ্রাফিতিটি আঁকা হয়েছিল।
চলতি মাসের ৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সে সময় দেয়ালে রবীন্দ্রনাথ বিরোধী পোস্টারও সাঁটানো হয়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন রিপন জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন