শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

খুলনা থেকে ঢাকায় বিকল্প পথে বাস চলাচল শুরু, ট্রেন বন্ধ রয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৩:১৬ পিএম

খুলনা থেকে ঢাকায় বিকল্প পথে বাস চলাচল শুরু, ট্রেন বন্ধ রয়েছে

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে, তবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে গোপালগঞ্জ ও পদ্মা সেতুর বদলে যশোর-মাগুরা ও আরিচা রুট ব্যবহার করা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের মাধ্যমে এ তথ্য জানা গেছে। অন্যদিকে শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার পর থেকে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়ে। এসব বাস গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রী রাতে বিকল্প এই পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন সংশ্লিষ্টরা।

খুলনার রয়্যাল মোড়ে সোহাগ পরিবহন কাউন্টারের আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। এরপর রাতে কয়েকটি বাস যশোর-আরিচা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেগুলো যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছাচ্ছে। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

খুলনার একাধিক বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা আসে। তার আগে বৃহস্পতিবার দুপুরে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। এরপর থেকেই বাস চলাচল শুরু হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, জেলা প্রশাসনের সভায় পরিবহন চলাচল বন্ধ রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি পরিবহন বৃহস্পতিবার রাত থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় চলাচল করছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের বৈঠকে গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোরের পথ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।

খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতেও ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসেনি। ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। শুক্রবার সকালে খুলনা থেকে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় শুক্রবার রাতেও ঢাকা থেকে খুলনায় জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে না।

খুলনার আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন বলেন, মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি। গোপালগঞ্জে হামলার কারণে ও নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল স্বাভাবিক রাখতে খুলনা থেকে আরিচা-দৌলতদিয়া রুটে বাস চলাচল করছে।