নভেম্বর ১৯, ২০২৬, ০৯:০২ পিএম
নাশকতার আশঙ্কায় সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ১৮ নভেম্বর বিকাল ৪টা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিমানবন্দরের ভেতরে এবং বাইরের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে আনসার ও এপিবিএনের সদস্য।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন জানান, ঢাকা থেকে বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বিকাল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা চালু হয়। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানান। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্যও মোতায়েন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাহমুদ আখতার হোসেন বলেন, এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, বাউন্ডারি ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। রাতে ফ্লাইট পরিচালিত হয় না, এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে। পাশাপাশি যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন