নভেম্বর ২০, ২০২৬, ০৯:১৩ পিএম
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফেরাতে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জার্মানির রাজধানী বার্লিনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথ বক্তব্যে তিনি আলোচনার ওপর জোর দেন।
সংলাপের মাধ্যমে সংকট মেটানোর কথাও বলেছেন তিনি।
বার্লিন সফরে কাতারের আমির মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের চলমান উদ্যোগগুলো নিয়ে জার্মান নেতৃত্বের সঙ্গে কথা বলেন। জার্মানিকে কাতারের গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যায়িত করে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার আগ্রহ জানিয়েছেন শেখ তামিম।
কাতার ও জার্মানির সম্পর্ক এখন নতুন ধাপে গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগে দুই দেশের সম্পর্কে বাণিজ্যের প্রাধান্য থাকলেও এখন নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা বেশি গুরুত্ব পাচ্ছে।
মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক শেখা আল আনুদ বিনতে হামাদ আল থানি এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে কাতার ও জার্মানির মধ্যে ক্রমেই মিল বাড়ছে। তাঁর মতে, ইউরোপীয় দেশগুলো বিভিন্ন ধরনের সমন্বিত যুদ্ধকৌশল ও অস্ত্রের হুমকির মুখে রয়েছে। কাতারও শাহেদ ড্রোনসহ এমন অস্ত্রের হামলার শিকার হয়েছে, যা ইউরোপীয় দেশগুলোর উদ্বেগের কারণ।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির পরিস্থিতিও দুই দেশের কাছে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন গবেষক আল আনুদ।
জার্মানির প্রকৌশল ও যন্ত্রপ্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেছেন, এসব খাতে কাতার ও জার্মানির মধ্যে কোনো ব্যবস্থা বা চুক্তির ঘোষণা আসতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন