শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,
ব্যাপক হামলা ও ক্ষয়ক্ষতি

ইউক্রেনে ৪০০ বেশি ড্রোন ও ১১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৮:২০ পিএম

ইউক্রেনে ৪০০ বেশি ড্রোন ও ১১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে বৃহস্পতিবার রাতভর ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যাতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান যুদ্ধের অন্যতম বড় এই হামলায় ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন ও ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং আটজন ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পৃথক বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের এবং বাকি দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার পর বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ হামলায় দিনিপ্রো নদীর ওপর অবস্থিত পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি এবং পিভদেনিয়ি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় সেতু লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীর দুই প্রান্তকে যুক্ত করা এসব সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন মেয়র। যুদ্ধের আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি মানুষ নদীর পূর্ব তীরে বাস করতেন এবং তাদের অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কল-কারখানা থাকার কারণে পশ্চিম বা ডান তীরে কাজ করতেন।

জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীনের ত্রিপক্ষীয় বৈঠক দুর্বল হওয়া এবং বিশ্বকে নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত প্রদর্শনমূলক কায়দায় হামলার নির্দেশ দেন। তিনি জানান, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার ও ধ্বংসাত্মক কৌশলের অংশ হিসেবে কয়েকটি ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রতিটি হামলার মাঝে ২০ থেকে ৩০ মিনিটের বিরতি রাখা হয়, যাতে জরুরি কর্মীরা আগুন নেভানো, ধ্বংসস্তূপ পরিষ্কার বা প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সহজে করতে না পারেন।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলোর প্রায় সবগুলোই আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে, পাশাপাশি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।

হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিনজন কর্মী নিহত হয়েছেন, চারটি জেলায় পানির চাপ কমেছে এবং কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হতে পারে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কের মতো পশ্চিমাঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে, আর জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে যে কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্তকারী কার্চ প্রণালীর ওপর নির্মিত ইউরোপের দীর্ঘতম সেতু ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন, যা গত চার দিনে তৃতীয় হামলা এবং এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার পর চীনের শেনঝেনে সফরত ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। কয়েক মাস ধরে রাশিয়ার লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া সেতুর ওপর হামলাগুলো ছিল সেতুসহ ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোয় রুশ হামলারই পাল্টা জবাব, এমন তথ্য দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় উঠে এসেছে।

তথ্যসূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে