শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

এস এম আতাউল হক দোলনসহ তিনজন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:৩৮ পিএম

এস এম আতাউল হক দোলনসহ তিনজন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।

এর আগে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা।

বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়। দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তখন অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।

ঘটনার পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

রিমান্ড আবেদনে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, গ্রেফতার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মামলার পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্তরা অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন বলেও আবেদনে অভিযোগ আনা হয়। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে তাঁরা পৌঁছে দিতেন বলে দাবি করা হয়েছে।

মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এসব কারণে তাঁদের প্রত্যেকের রিমান্ড চাওয়া হয়েছিল।