শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

সবুজ কারখানায় ১১০-এ ৯৭ পয়েন্ট পেয়ে আদজি ট্রিমস লিমিটেডের বিশ্ব রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:৪২ পিএম

সবুজ কারখানায় ১১০-এ ৯৭ পয়েন্ট পেয়ে আদজি ট্রিমস লিমিটেডের বিশ্ব রেকর্ড

সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেতে ১১০ পয়েন্টের মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্কোরের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশের আদজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে এই অর্জনের সুবাদে যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব ভবন কাউন্সিল থেকে মর্যাদাপূর্ণ এলইইডি প্লাটিনাম সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২০ নভেম্বর) আদজি ট্রিমস লিমিটেড বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট খাতের বৈশ্বিক তুলনামূলক তথ্যে দেখা গেছে, প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদনে ৯৭ পয়েন্টই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। তাই এই সাফল্যকে শুধু একটি কারখানার প্রাপ্তি নয়, বরং বাংলাদেশের শিল্প খাতের জন্য একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

পরিবেশবান্ধব শিল্পায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ফল হিসেবেই এই স্কোর এসেছে।

এর আগে ২০২৫ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছিল আদজি ট্রিমস লিমিটেড। দেশের প্যাকেজিং, ট্রিমস ও অ্যাকসেসরিজ খাতে সেটি ছিল তাদের উল্লেখযোগ্য জাতীয় স্বীকৃতি।

পরের বছর ২০২৬ সালে এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ শ্রেণিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট তুলে নিয়ে প্লাটিনাম সনদ অর্জন করে প্রতিষ্ঠানটি।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এই দুটি স্বীকৃতি টেকসই শিল্পায়নে আদজি ট্রিমস লিমিটেডের পথচলাকে আরও মজবুত করেছে।

ইনডেট গ্রুপের আওতাধীন আদজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। ২০১২ সালে যাত্রা শুরু করা এই আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করে।

কারখানাটিতে বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। প্রতিষ্ঠানটি প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য তৈরি করে। একই সঙ্গে দেশি ও বিদেশি ক্রেতাদের জন্য এক ছাদের নিচে সমন্বিত পণ্য সংগ্রহ ও সরবরাহসেবা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।

এজন্য কারখানার প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, কারিগরি কর্মী ও ব্যবস্থাপনা দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড সহযোগী, ব্যবসায়িক অংশীদার, সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আদজি ট্রিমস লিমিটেড।

আগামী দিনেও আধুনিক প্রযুক্তি ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মান ঠিক রেখে কারখানার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

তাদের লক্ষ্য, বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া এবং দেশের শিল্পায়ন ও অর্থনীতিতে অবদান রাখা।

আদজি ট্রিমস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, ৯৭ পয়েন্ট তাদের অর্জন, ১ হাজার ৮০০ সহকর্মী তাদের শক্তি, আর ক্রেতাদের আস্থা তাদের অনুপ্রেরণা; বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরাই তাদের সবচেয়ে বড় গর্ব।