শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

ওয়ানগালা উৎসব ঘিরে গারোদের ঘরে ঘরে কীর্তন ও প্রার্থনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:১৩ পিএম

ওয়ানগালা উৎসব ঘিরে গারোদের ঘরে ঘরে কীর্তন ও প্রার্থনা

শেরপুরে গারো সম্প্রদায়ের প্রধান উৎসব ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়।

ডিকন পল নোয়াস ধান, সিএসসি উদ্বোধনী প্রার্থনা পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরিয়মনগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্সন চাম্বুগং। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে রাখা হয়েছে বিভিন্ন খেলাধুলা এবং শিশুদের অংশগ্রহণে গারো ভাষায় ছড়া, আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গারো শিল্পীদের ব্যান্ড দলের কনসার্ট।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে খেলাধুলা, প্রার্থনা ও মধ্যাহ্নভোজ। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্ম মতে ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠান পালন করা হবে। সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্তন প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতায় নতুন মাত্রা যোগ হবে।

উৎসবকে ঘিরে মরিয়মনগর হাইস্কুল মাঠে মেলা বসেছে। মেলায় নানা ধরনের পোশাক, আসবাবপত্র, শিশুদের খেলনা এবং বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।