শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

রাজশাহীতে ১৬ টার্ফ ও ২১ খেলার মাঠ নির্মাণের তথ্য দিলেন রাসিক প্রশাসক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৫:০৯ পিএম

রাজশাহীতে ১৬ টার্ফ ও ২১ খেলার মাঠ নির্মাণের তথ্য দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীতে ১৬টি টার্ফ এবং ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি স্লোগানে উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক হাজার ৬০ জন দৌড়প্রেমী।

দৌড়বিদরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে যাত্রা শুরু করেন। এরপর কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা ঘুরে আবার প্যারিস রোডে ফিরে এসে দৌড় শেষ করেন। সমাপনী অনুষ্ঠান বসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে।

অনুষ্ঠানে বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দৌড় শুধু মানুষকে সুস্থ রাখবে না, বরং আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে গতির সঞ্চার করবে। তার মতে, ক্রীড়াই পারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলতে। এ ধরনের আয়োজন করার জন্য রাজশাহী রানার্স কমিউনিটিকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন রাসিক প্রশাসক। তিনি বলেন, রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজক সংগঠন রাজশাহী রানার্স কমিউনিটি জানায়, সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে মহানগরীতে দৌড়বিষয়ক নানা কর্মসূচি চালিয়ে আসছে তারা। সেই ধারাবাহিকতাতেই এই হাফ ম্যারাথন। মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য।

আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল টাইম জোন। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশনসহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান।

রাজশাহী রানার্স কমিউনিটির সভাপতি ও রেস ডিরেক্টর পিয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান এবং রেস মার্শাল কে এম আরিফ হোসেন।