নভেম্বর ২০, ২০২৬, ০৬:৩০ পিএম
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা রেখে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৯ নভেম্বর প্রকাশিত স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিস্ফোরণে একটি উট আহত হয়েছে।
ঘটনার সময় ওই বাংলাদেশি অসাবধানতাবশত পুরোনো ল্যান্ডমাইনের ওপর পা রাখলে বিস্ফোরণ ঘটে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের ধাক্কায় কাছাকাছি থাকা একটি উটও জখম হয়।
নিহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রায় ৩৬ বছর আগে ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা বিস্ফোরক এখনো মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তী ধাপে মাইনটি নিষ্ক্রিয় করা, আশপাশের এলাকায় তল্লাশি চালানো এবং অন্য কোনো অবিস্ফোরিত বস্তু পড়ে আছে কি না তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। পাশাপাশি ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিট তদন্তে অংশ নেয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি ঘটনায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির তথ্য তাঁরা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসে পৌঁছায়নি, এবং বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন