নভেম্বর ২০, ২০২৬, ০৬:০৪ পিএম
দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা অর্পিত দায়িত্ব পালন করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
বাণীতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করেছিল বলে তিনি উল্লেখ করেন। এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।
মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত সেই অগ্রযাত্রাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুদূর এগিয়ে নেন এবং বাহিনীর সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন বলে বাণীতে তুলে ধরা হয়।
ওই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি জানান, বর্তমান সরকার বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি নেওয়া হয়েছে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে তুলছে জানিয়ে তিনি বাহিনীর উন্নতি ও সাফল্য এবং সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন